Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতে তৈরি প্রথম বুলেট ট্রেনের বডি ফ্রেম প্রস্তুত! কবে ছুটবে ট্র্যাকে? জানালেন রেলমন্ত্রী

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর দেশের বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পে এল বড়সড় অগ্রগতির খবর। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের (India) প্রথম বুলেট ট্রেনের বডি ফ্রেম তৈরির কাজ শেষ হয়েছে। মঙ্গলবার বরোদায় আয়োজিত একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী বছর মে বা জুন মাসের মধ্যে এই দেশীয় হাই-স্পিড ট্রেনকে পরীক্ষামূলকভাবে ট্র্যাকে নামানোর প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দ্রুতগতির রেল পরিষেবায় ভারতের নিজস্ব প্রযুক্তির ব্যবহার আরও এক ধাপ এগিয়ে যাবে। বিষয়টিকে দেশের রেল পরিকাঠামোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।

    ভারতে তৈরি প্রথম বুলেট ট্রেনের (Bullet Train) বডি ফ্রেম প্রস্তুত!

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বরোদায় ‘নমো ফর বিকশিত ভারত’ অনুষ্ঠানে বুলেট ট্রেন (Bullet Train) নিয়ে এই ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত ধরে ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়। এর মধ্যে ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের তিনটি গুরুত্বপূর্ণ অংশ, নতুন রেল ও মহাসড়ক প্রকল্প এবং গুজরাট সরকারের একাধিক জনমুখী উদ্যোগ রয়েছে। এই মঞ্চ থেকেই রেলমন্ত্রী জানান, বুলেট ট্রেনের বডি ফ্রেম তৈরির কাজ মাত্র দু’দিন আগেই শেষ হয়েছে। বর্তমানে সেটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘স্কুইজ টেস্ট’-এর জন্য পাঠানো হয়েছে। এই পরীক্ষায় সফল হওয়ার পর পরবর্তী ধাপে ট্রেনটির বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা শুরু হবে।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ওপর হামলার চেষ্টা? মোদীর সভাস্থলে VVIP জোন থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

    রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ২০২৭ সালের মে বা জুনের মধ্যে দেশীয় বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু হতে পারে। এরপর প্রায় দুই থেকে চার মাস ধরে বিভিন্ন পর্যায়ে ট্রেনটির কঠোর পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। গতি, নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দিক খতিয়ে দেখে সমস্ত পরীক্ষায় সাফল্য মিললেই পরবর্তী পদক্ষেপ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে পরীক্ষার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে ট্রেনটির উদ্বোধন করবেন। এই ট্রেন পরিষেবা চালু হলে মুম্বই ও বরোদার মধ্যে যাতায়াতের সময়ও উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তাঁর দাবি, মাত্র দেড় ঘণ্টার মতো সময়েই দুই শহরের মধ্যে যাতায়াত করা সম্ভব হবে। ফলে ব্যস্ত এই রুটে দ্রুত ও আধুনিক রেল পরিষেবার নতুন সুযোগ তৈরি হবে।

    বরোদার অনুষ্ঠানে দেশের মালবাহী রেল যোগাযোগ নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন অশ্বিনী বৈষ্ণব। দাদরি থেকে জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট বা JNPT পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডোরের প্রসঙ্গ টেনে তিনি জানান, ‘সোনালি চতুর্ভুজ’ মহাসড়ক প্রকল্পের পাশাপাশি এই করিডোরের পরিকল্পনাও অটল বিহারী বাজপেয়ীর আমলে করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রকল্পটি যথেষ্ট গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার দায়িত্ব নেওয়ার সময় এই করিডোরে এক কিলোমিটার কাজও এগোয়নি বলে দাবি করেন রেলমন্ত্রী। তাঁর বক্তব্য, পরবর্তীতে অর্থের সমস্যা, নকশাগত জটিলতা এবং জমি অধিগ্রহণের মতো বাধা কাটিয়ে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

    The body frame of the first bullet train made in India is ready!

    আরও পড়ুন: ফের মিথ্যাচার! ভারতের ৩২ টি বায়ুসেনা ঘাঁটি ধ্বংসের AI ভিডিও বানাল পাকিস্তান, বিশ্বজুড়ে হাসির রোল

    এর আগে গত জুলাই মাসেও মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডোর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছিলেন রেলমন্ত্রী। সুরাট থেকে বিলিমোরার মধ্যে প্রকল্পের প্রথম অপারেশনাল অংশ চালুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছিলেন তিনি। ধাপে ধাপে করিডোরের বাকি অংশগুলিও পরিষেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মুম্বই ও আহমেদাবাদের মতো দেশের দুই গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রের মধ্যে যাতায়াতের সময় কমানোই এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য। এবার দেশীয় বুলেট ট্রেনের (Bullet Train) বডি ফ্রেম তৈরির কাজ শেষ হওয়ায় সেই বৃহত্তর পরিকল্পনাই আরও এক ধাপ এগোল। পরীক্ষামূলক যাত্রা এবং পরবর্তী ট্রায়াল সফল হলে ভারতের হাই-স্পিড রেল পরিষেবায় দেশীয় প্রযুক্তির ব্যবহার বাস্তব রূপ পাওয়ার পথ আরও পরিষ্কার হবে।

    Click here to Read More
    Previous Article
    মোহনবাগানের দাদাদের আটকে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলো ইস্টবেঙ্গলের ছোটরা
    Next Article
    "পেনাল্টি নেওয়া টাকা তোলা আমাদের মূল উদ্দেশ্য নয়" - জানালেন অগ্নিমিত্রা পাল

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment